ভিন রাজ্যে নয়, এবার ঘরের কাছেই কাজ! জঙ্গলমহলের পরিযায়ীদের ফেরার ডাক মুখ্যমন্ত্রীর

পেটের টানে পুরুলিয়া ও বাঁকুড়া সহ জঙ্গলমহলের যে মানুষগুলো ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, তাঁদের অবিলম্বে ঘরে ফিরে আসার জোরালো আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যে একের পর এক শিল্প প্রকল্পের কাজ শুরু হওয়ায় কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি হচ্ছে বলে তিনি জানান। পুরুলিয়া থেকে দেওয়া এই বার্তায় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, জঙ্গলমহলের মাটিকে শিল্পে ভরিয়ে দেওয়া হবে এবং ভিন রাজ্যে থাকা শ্রমিকদের এখানেই কাজের সুযোগ করে দেওয়া হবে।
সম্প্রতি মেজিয়ায় পনেরো হাজার কোটি টাকার একটি নতুন কারখানার ভূমিপুজো হয়েছে, যেখানে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া পুরুলিয়ার রঘুনাথপুরে চার হাজার কোটি টাকা বিনিয়োগে একটি বিশাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪৮ একর জমির উপর গড়ে ওঠা এই প্রকল্পের মাধ্যমে জঙ্গলমহলের অদক্ষ দশ হাজার শ্রমিক সরাসরি কাজ পাবে। রাজ্য সরকারের এই সুদূরপ্রসারী শিল্পায়ন নীতি পরিযায়ী শ্রমিকদের জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে।