কলকাতার পর পুরুলিয়ায় মিড ডে মিলের দায়িত্বে ইসকন! কাজ কি হারাবেন রাঁধুনীরা?

কলকাতার পর এবার পুরুলিয়ার সমস্ত সরকারি স্কুলেও মিড ডে মিল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। সোমবার পুরুলিয়ার মানবাজারে এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। জঙ্গলমহলের স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে দশ টাকা করা হয়েছে এবং স্কুলগুলিতে ফ্যান, অ্যাকোয়াগার্ড ও স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে বলে জানানো হয়।
ইসকনের পক্ষ থেকে সম্পূর্ণ নিরামিষ খাবার সরবরাহ করা হলেও, শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টি সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদা করে সপ্তাহে দুই দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে। পাশাপাশি, এই পরিবর্তনের জেরে মিড ডে মিলের সঙ্গে যুক্ত রাঁধুনীদের কাজ হারানোর যে শঙ্কা তৈরি হয়েছিল, তা দূর করে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রাঁধুনীই কাজ হারাবেন না। ধাপে ধাপে রাজ্যের অন্যান্য অঞ্চলেও এই মডেল চালু করার পরিকল্পনা রয়েছে।