বিদেশের ফ্লাইটে ওঠার আগেই চরম বিপত্তি! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হতেই হাইকোর্টে অভিষেক

চোখের চিকিৎসার জন্য আগামী সেপ্টেম্বরে তিন সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে এই বিদেশযাত্রার প্রস্তুতির মাঝেই ঘনিয়ে এলো নতুন জটিলতা। কোনো আগাম নোটিস বা কারণ দর্শানো ছাড়াই তাঁর HDFC ব্যাঙ্কের অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়েছে— এই অভিযোগ তুলে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটি উঠলে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই পদক্ষেপে সাংসদের চিকিৎসার জন্য বিদেশযাত্রা মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে।
আদালতে সওয়াল করার সময় আইনজীবী স্পষ্ট জানান, সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটির বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করা নেই। পাশাপাশি, যেকোনো মামলার তদন্তে পুলিশকে পূর্ণ সহযোগিতা করতে অভিষেক সবসময় প্রস্তুত বলেও আদালতে আর্জি জানানো হয়। কোনো আইনি নির্দেশের ভিত্তিতে ব্যাঙ্ক এই পদক্ষেপ করেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। পুরো বিষয়টির ওপর নজর রেখে কলকাতা হাইকোর্ট আগামী ১৯ অগস্ট বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেদিন আদালতে কী কারণ দেখায় এবং বিচারাপতি কী নির্দেশ দেন, সেদিকেই আপাতত তাকিয়ে রয়েছে রাজ্য রাজনৈতিক মহল।