মাত্র ১১ দিনের ব্যবধানে ফের সোনা উদ্ধার কলকাতা বিমানবন্দরে, ধরা পড়ল ব্যাংককফেরত পাচারকারীরা

১১ দিনের মধ্যে দ্বিতীয়বার বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা বিমানবন্দরে। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ব্যাংকক থেকে আসা একটি বিমানে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে এই উদ্ধার হওয়া সোনার অনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এনএসসিবিআই (NSCBI) থানার পুলিশ আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পাচার চক্রটির মূল শিকড় কোথায় তা খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে কোনো বড় আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক সোনা পাচার চক্র সক্রিয় রয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনা ঠিক কোথা থেকে আনা হচ্ছিল এবং কলকাতায় কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত ৬ আগস্টও এই বিমানবন্দরের ডোমেস্টিক কার্গো থেকে ১ কোটি টাকার বেশি মূল্যের সোনা, রুপো ও অন্যান্য মূল্যবান রত্ন উদ্ধার করা হয়েছিল এবং রাজস্থানের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরপর দুটি পাচারের ঘটনা বিমানবন্দর সংলগ্ন এলাকার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।