দুটির বেশি সন্তান নিলেই আইনি বিপত্তি, বড় পদক্ষেপ রাজ্য স্বাস্থ্যদপ্তরের!

দুটির বেশি সন্তান নিলেই আইনি বিপত্তি, বড় পদক্ষেপ রাজ্য স্বাস্থ্যদপ্তরের!

রাজ্যে প্রসূতি মৃত্যুর হার কমাতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্যদপ্তর। সূত্র অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান জন্মদান ঠেকাতে শীঘ্রই নতুন আইন আনার বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্যভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গর্ভধারণ এবং একটি পরিবারে অধিক সংখ্যক সন্তানের জন্ম দেওয়াই প্রসূতি মৃত্যুর অন্যতম প্রধান কারণ। রাজ্যের কিছু এলাকায় এখনও ১৪তম সন্তানের জন্ম দেওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রসূতিদের সুরক্ষায় ‘হাম দো হামারে দো’ নীতি কার্যকর করাই এখন বড় লক্ষ্য।

জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে দপ্তর। শীঘ্রই কলকাতায় তৈরি হতে চলেছে নতুন সরকারি মেডিক্যাল কলেজ। রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে এবার থেকে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদিক আউটডোর পরিষেবা মিলবে। এছাড়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বেসরকারি হাসপাতালগুলোতে বেড সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। সরকারি হাসপাতালে শয্যার অভাব থাকলে রোগীকে বেসরকারি হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াটি ইতিমধ্যেই মকড্রিলের মাধ্যমে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এই পদক্ষেপগুলো রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *