তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে!

তারাপীঠের বিদেশিনী লজের মালিকের ছেলে কল্যাণ আশিস পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে মূল অভিযুক্ত হোটেল মালিক তাপস পাল এখনও পলাতক রয়েছে এবং তাঁর খোঁজে তল্লাশি চলছে। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং ধৃতকে আজ আদালতে তোলা হবে।
ইতিমধ্যেই লজের নিরাপত্তা খতিয়ে দেখতে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। একই সঙ্গে তারাপীঠের অন্যান্য হোটেলগুলির বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুতর অনিয়ম পেলে লাইসেন্স বাতিল করা হতে পারে। এদিকে, মৃতদের মধ্যে মেঘালয়ের পাঁচ বাসিন্দার মরদেহ ময়নাতদন্তের পর প্রশাসনিক শ্রদ্ধার সাথে নিজ রাজ্যে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।