ভারতের মাটিতে তালিবানের প্রথম প্রকাশ্য সভা! মোদী সরকারের প্রতিনিধির উপস্থিতিতে কোন বড় বার্তা দিল কাবুল?

আফগানিস্তানে তালিবানের ক্ষমতায় ফেরার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দিল্লির মাটিতে প্রথমবারের মতো এক প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জোরালো বার্তা দিয়েছে তালিবান। অনুষ্ঠানে তালিবান সরকারের চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমদ নূর আফগানিস্তানের বিদেশনীতি তুলে ধরে বলেন, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই তাঁদের মূল লক্ষ্য। উল্লেখযোগ্যভাবে, ভারত এখনও তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও, এই অনুষ্ঠানে বিদেশ মন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক বিভাগের যুগ্মসচিব আনন্দ প্রকাশ ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
নূর তাঁর বক্তব্যে ভারত ও আফগানিস্তানের শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি জানান, বাণিজ্য ও যোগাযোগের এই যৌথ ইতিহাস থেকেই ভবিষ্যতের সম্পর্ক গড়ে তোলার অনুপ্রেরণা পাওয়া সম্ভব। পাশাপাশি, আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরলে গোটা অঞ্চলে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। চিন, রাশিয়া ও কাতারসহ একাধিক দেশের কূটনীতিকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান প্রমাণ করল যে, আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও দুই দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগ দিন দিন আরও নিবিড় হচ্ছে।