নদীয়ার জোড়া খুন কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তাল রাজ্য! জালে আরও দুই

নদীয়ার নাকাশিপাড়ায় কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ান হত্যাকাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছে নিহতদের পরিবার। সোমবার নাকাশিপাড়া থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন আনিসুরের ভাই। একই সঙ্গে ঘটনার তদন্ত জোরদার করতে চার সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল অকুস্থলে পৌঁছে একাধিক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে। এই চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় পুলিশ সোমবার আরও দুজনকে গ্রেফতার করেছে, যার ফলে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।
গত ১৫ আগস্টের রাতে বাড়ির অদূরে গাড়ি ঘিরে ধরে আনিসুর ও তাঁর ছেলেকে নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার পেছনে জমি দখল নাকি রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে জেলবন্দি দাপুটে নেতা জুব্বার শেখের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলে পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে মামলার রহস্য উদঘাটনে জোর তল্লাশি চলছে।