সাহসী ট্রাভেলারদের জন্য সুখবর, ভারতের এই ৫ জঙ্গল সাফারিতে মিলবে বিষধর সাপের রোমাঞ্চকর দেখা!

বনজঙ্গলে ভ্রমণের কথা উঠলেই সাধারণত সবার চোখে ভেসে ওঠে বাঘ, হাতি কিংবা চিতাবাঘের ছবি। তবে ভারতের অরণ্য ও জলাভূমিতে ঘুরে বেড়ায় রাজকীয় সব সরীসৃপ, যাদের নীরব উপস্থিতি প্রকৃতির এক অন্য রোমাঞ্চ এনে দেয়। সর্পপ্রেমীদের জন্য ভারতের পাঁচটি অরণ্য হতে পারে নিখুঁত ঠিকানা। কর্নাটকের ঘন রেইনফরেস্টে ঘেরা ‘আগুম্বে’ কিং কোবরার জন্য বিখ্যাত, যেখানে গবেষণা ও সংরক্ষণের কাজও চলে। একই রাজ্যের ‘দান্দেলি’ জঙ্গলেও হঠাৎ দেখা মিলতে পারে গোখরো বা কিং কোবরার। অন্যদিকে ওড়িশার ‘ভিতরকণিকা জাতীয় উদ্যান’-এর ম্যানগ্রোভ বনে দেখা যায় অজগর ও নানা বিষধর সরীসৃপ।
নিরাপদ পরিবেশে কাছে থেকে সাপ চেনার সুযোগ করে দেয় তামিলনাড়ুর বিখ্যাত ‘মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক’ এবং কেরলের ‘পারাসিনিক্কাডাভু স্নেক পার্ক’। পারাসিনিক্কাডাভুর মূল উদ্দেশ্য হলো সাপের প্রতি মানুষের অকারণ ভয় ও কুসংস্কার দূর করা। তবে জঙ্গলে সাপ দেখার সময় সর্বদাই বনকর্মী ও গাইডদের নির্দেশ মেনে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। সাপকে খোঁচা দেওয়া বা ছবি তোলার জন্য পথ আটকানো মোটেও উচিত নয়। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাকারী এই সরীসৃপদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশেই শান্তিতে বাঁচতে দেওয়া আমাদের দায়িত্ব।