রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ, মুম্বই থেকে গ্রেফতার বীরভূমের পুলিশ অফিসার

রক্ষকই ভক্ষক! সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ, মুম্বই থেকে গ্রেফতার বীরভূমের পুলিশ অফিসার

রক্ষকই এবার ভক্ষকের ভূমিকায়! সল্টলেকের এক গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে বীরভূমের নলহাটি থানার এএসআই (ASI) আজমল হককে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, সল্টলেকের সিএল (CL) ব্লকের একটি গেস্ট হাউসে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আজমল হক।

তদন্তে নেমে বিধাননগর পূর্ব থানার পুলিশ জানতে পারে, এই সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত সাব-ইন্সপেক্টর আগে জামিন পেয়েছিলেন। পরবর্তী সময়ে বিধাননগর পুলিশ বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে গা ঢাকা দেন আজমল হক। এরপরেই তাঁর সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্ত পুলিশ অফিসার মুম্বইয়ে পালিয়ে গিয়েছেন। সোমবার সেখানেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুম্বইয়ের স্থানীয় আদালতে পেশ করে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে পুলিশ। আজ, মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *