কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ে হাইকোর্টের স্থগিতাদেশ, বড় ধাক্কা রাজ্যের
২০১১ সাল থেকে ইস্যু করা প্রায় ১.৬৯ কোটি জাতিগত শংসাপত্র (SC, ST, OBC) পুনর্যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে গত ১৪ মে জারি করা সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তির ওপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, যা রাজ্য সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার প্রেক্ষাপট: রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, ২০১১ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ‘দুয়ারে সরকার’সহ নানা মাধ্যমে দেওয়া বহু কাস্ট সার্টিফিকেট ভুয়া বলে অভিযোগ ওঠে। চাকরি, গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভুয়ো শংসাপত্র ব্যবহারের একাধিক জালিয়াতির অভিযোগের ভিত্তিতে রাজ্য অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর সব জেলাশাসককে পুনর্যাচাইয়ের নির্দেশ দিয়েছিল।
কেন এই আইনি লড়াই? নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে শংসাপত্র যাচাইয়ে আইনি বাধা না থাকলেও, ২০১১ সালের পর থেকে ইস্যু করা সমস্ত সার্টিফিকেট একসাথে পুনর্যাচাইয়ের ঢালাও নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি শেষে আদালত ১৪ মে-র ওই বিজ্ঞপ্তির কার্যকারিতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।