দেশের ১৪ মুখ্যমন্ত্রী আর ৩২৬ সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে পেশ চাঞ্চল্যকর রিপোর্ট

দেশের রাজনীতির আঙিনায় ফের চাঞ্চল্য! সম্প্রতি সুপ্রিম কোর্টে পেশ করা এক রিপোর্টে প্রকাশ পেয়েছে, দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঝুলছে। শীর্ষ আদালতের নিযুক্ত অ্যামিকাস কিউরি বিজয় হংসারিয়ার পেশ করা এই তথ্যে দেখা গেছে, ফৌজদারি মামলায় অভিযুক্ত মুখ্যমন্ত্রীদের তালিকায় সবার উপরে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তাঁর বিরুদ্ধে রয়েছে ৮৯টি মামলা। দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার সংখ্যা ২৯টি। এছাড়া কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন।
শুধু মুখ্যমন্ত্রীরাই নন, দেশের আইনপ্রণেতাদের বড় অংশের বিরুদ্ধেও রয়েছে ফৌজদারি অভিযোগ। রিপোর্ট অনুযায়ী, ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জন এবং ২৩৩ জন রাজ্যসভা সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে মামলা চলছে। বাংলার ১৬ জন সংসদ সদস্যও এই তালিকার বাইরে নন। অন্যদিকে, বিধায়কদের ফৌজদারি মামলার নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ, যেখানে দল নির্বিশেষে ১৭০ জন বা ৫৮ শতাংশ বিধায়ক ফৌজদারি মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।