সল্টলেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ: আত্মগোপন করেও মিলল না শেষ রক্ষা, মুম্বই থেকে ধৃত রাজ্যের এএসআই!

সল্টলেক: সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। অভিযুক্ত ওই পুলিশকর্মী বীরভূমের নলহাটি থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের বান্দ্রা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে বিধাননগর আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুন সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে ওই তরুণীকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগ্রহের শিকার তরুণী। অভিযোগ পাওয়ার পরপরই পুরো বিষয়টি খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তকারীরা জানান, এফআইআর হওয়ার পর অভিযুক্ত এএসআই আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। তবে জামিনের শর্ত ও আদালতের নির্দেশ অমান্য করে তিনি আত্মগোপন করেন। তাঁর সন্ধানে তল্লাশি চালাতে বীরভূম জেলা পুলিশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছিল বিধাননগর পূর্ব থানার পুলিশ।
দীর্ঘ তল্লাশির পর পুলিশ জানতে পারে, অভিযুক্ত মুম্বইয়ের বান্দ্রায় লুকিয়ে আছেন। খবর পেয়েই বিধাননগর পুলিশের একটি বিশেষ দল মুম্বই গিয়ে সোমবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশ এখন জানার চেষ্টা করছে—ঠিক কীভাবে তরুণীকে গেস্ট হাউসে নিয়ে আসা হয়েছিল, ঘটনার নেপথ্যে কী কারণ ছিল এবং এতে অন্য কারও যোগ রয়েছে কি না।
রাজ্য পুলিশের নিজস্ব এক কর্মীর বিরুদ্ধে এমন গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জেরার মাধ্যমে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।