‘রাজ্য পুলিশে ভরসা নেই’! আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে ইডি

আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি (ED) ও রাজ্য সরকারের মধ্যে জোর আইনি লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত মিশ্র এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ প্রস্তাব দেয় যে, মামলার তদন্ত রাজ্য পুলিশ করবে নাকি সিবিআই (CBI)—সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া যেতে পারে। তবে ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু এই প্রস্তাবে আসাম্মতি জানান। ইডির স্পষ্ট বক্তব্য, রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই এবং কোনো কর্মরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সিবিআই তদন্ত হওয়াই যুক্তিযুক্ত।
অন্যদিকে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী সওয়াল করেন যে, রাজ্যে সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কে তদন্ত করবে। এতে শীর্ষ আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি ইডির রিট পিটিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজনৈতিক স্বার্থে মামলা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ এড়াতে আদালতের নির্দেশেই তদন্ত স্থির হওয়া উচিত। আদালত জানায়, মামলার গ্রহণযোগ্যতা ও মূল বিষয় একসঙ্গে শোনা হবে এবং সব পক্ষের বক্তব্য পর্যালোচনার পর নির্দেশ দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তে সল্টলেকে আইপ্যাকের দফতর ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যান বলে অভিযোগ তোলে কেন্দ্রীয় সংস্থাটি।