সাফল্য ও টাকার লোভে নৃশংস পরিণতি: কাকাকে কুপিয়ে-পুড়িয়ে ‘খুন’ করল ভাইপো!

সাফল্য ও টাকার লোভে নৃশংস পরিণতি: কাকাকে কুপিয়ে-পুড়িয়ে ‘খুন’ করল ভাইপো!

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ফিংবাধারডি গ্রামে কাকা রামপ্রসাদ অধিকারীকে পরিকল্পিতভাবে হত্যা ও প্রমাণ লোপাটের জন্য দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ ভাইপো চিরঞ্জিত অধিকারী এবং তার সহযোগী বংশী অধিকারীকে গ্রেপ্তার করেছে। জয়পুর ও বিষ্ণুপুর সীমানার গভীর জঙ্গল থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রামপ্রসাদবাবুর আধপোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় ব্যবসায়ী রামপ্রসাদবাবুর কয়েকটি ভাড়ার গাড়ি ও টোটো রয়েছে। তাঁর আর্থিক উন্নতি এবং প্রায় দেড় লাখ টাকা ধারের পাওনা মেটানো নিয়ে ভাইপো চিরঞ্জিত ও বংশীর মনে গভীর হিংসার জন্ম হয়। রবিবার সন্ধ্যায় গাড়ি ভাড়া করার বাহানায় রামপ্রসাদবাবুকে সঙ্গে নিয়ে তাঁরা বের হন। রাত ১২টা নাগাদ স্ত্রীর সঙ্গে রামপ্রসাদবাবুর শেষ কথা হলেও, পরবর্তীকালে মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের সন্দেহ জাগে।

পরদিন সকালে চিরঞ্জিত একাই ফিরে এলে সন্দেহ আরও দানা বাঁধে। স্ত্রী ডলি অধিকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং চিরঞ্জিতকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় অসঙ্গতি ধরা পড়ায় সে নিজের অপরাধ স্বীকার করে। জানা যায়, নির্জন জঙ্গলে রামপ্রসাদবাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গাড়িতে থাকা পাঁচ লিটার পেট্রোল ঢেলে দেহটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে এবং ঘটনার পুরো তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *