পরকীয়া রুখতেই চরম পদক্ষেপ! স্বামীকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী, মেয়ে ও শ্যালক

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় রাজমিস্ত্রি স্বামীকে সুপরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঠাকুরপল্লি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তেইশ বছর আগে বিয়ে হওয়া সমর সিরোজের সঙ্গে তাঁর স্ত্রী রেখা সিরোজের সাংসারিক অশান্তি লেগেই থাকত। সম্প্রতি স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তীব্র বিরোধ শুরু হয়, যার জেরে এই ভয়াবহ আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ।
সোমবার সকালে স্বামীকে খাবার দিয়ে বাপের বাড়ি চলে যান অভিযুক্ত স্ত্রী। খাবার খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন সমরবাবু। প্রতিবেশীরা তাঁকে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পরেই পরিবারের অভিযোগে নড়েচড়ে বসে পুলিশ। বনগাঁ থানার পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত স্ত্রী রেখা সিরোজ, তাঁর মেয়ে রিয়া পাল এবং শ্যালক সঞ্জয় সরকারকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।