ব্যাপক আন্দোলনের জেরে ঝাড়খণ্ডে বাতিল ৩৯ নিয়োগ পরীক্ষা, বড় পদক্ষেপ সরকারের!

জেপিএসসি এবং জেএসএসসি-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা ব্যাপক আন্দোলন ও ক্ষোভের মুখে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার। দীর্ঘদিনের অসন্তোষ এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে একসঙ্গে ৩৯টি নিয়োগ পরীক্ষা বাতিল করার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরও ৬টি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বাতিল হওয়া এই দীর্ঘ তালিকার মধ্যে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি এক দশকেরও বেশি পুরনো পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে এবং স্বচ্ছতা ফেরাতে একাধিক কঠোর পদক্ষেপ করেছে হেমন্ত সোরেন সরকার। নিয়োগ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের আবেদন জানানোর পাশাপাশি কমিশনগুলির অভ্যন্তরে মনিটরিং সেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য প্রবীণ আইএএস আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে নিজেদের প্রতিবেদন জমা দেবে। ২০১৪ সাল থেকে আউটসোর্সড সংস্থার মাধ্যমে নেওয়া সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে।