কাঁধের অস্ত্রোপচারের পরই চরম শোক! প্রিয় ‘বাঘিরা’কে হারিয়ে ভেঙে পড়লেন জুনিয়র এনটিআর

কাঁধের অস্ত্রোপচার সেরে মাত্র বাড়ি ফিরেছিলেন; স্বস্তির নিশ্বাস ফেলার আগেই চরম শোকের ছায়া নেমে এল দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের জীবনে। বুধবার সকালে এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অভিনেতা জানান, তাঁর অত্যন্ত আদরের পোষ্য ‘বাঘিরা’ আর নেই। চার বছরের সঙ্গীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন ‘আরআরআর’ খ্যাত এই তারকা।
পোষ্যের সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে এনটিআর লেখেন, “তুমি কেবল সঙ্গী ছিলে না, পরিবারের একজন হয়ে উঠেছিলে। তোমার অনুপস্থিতি জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।” প্রিয় তারকাকে এই কঠিন সময়ে শক্ত থাকার বার্তা দিয়েছেন তাঁর অগুনতি অনুরাগী ও সহকর্মীরা।
প্রসঙ্গত, সম্প্রতি প্রশান্ত নীল পরিচালিত পরবর্তী ছবি ‘ড্রাগন’-এর শুটিং চলাকালীন ডান কাঁধে গুরুতর চোট পান তিনি। গত ১২ আগস্ট হায়দরাবাদের কিমস (KIMS) হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে তাঁর আরও ২ থেকে ৩ মাস সময় লাগবে। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত শোকের এই কঠিন মুহূর্ত কাটিয়ে এনটিআর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন, এমনই প্রার্থনা ভক্তদের।