মাত্র আট দিনে ২২টি বিধ্বংসী হামলা! বালোচিস্তানে বড় ধাক্কা খেল পাকিস্তান?

পাকিস্তানের বালোচিস্তানে চরম অস্থিরতা তৈরি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ চাঞ্চল্যকর দাবি করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ থেকে ১৫ অগস্টের মধ্যে মাত্র আট দিনে বালোচিস্তানজুড়ে মোট ২২টি ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় পাকিস্তানি সামরিক বাহিনী ও নিরাপত্তাবাহিনীর ২৬ জন সদস্য নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এই হামলাগুলোতে সেনা ও পুলিশের পাশাপাশি সরকারি পরিকাঠামো, নিরাপত্তা চৌকি এবং বাণিজ্যিক যানগুলোকেও নিশানা করা হয়েছিল বলে জানানো হয়েছে।
বিএলএর এই দীর্ঘ ও ধ্বংসাত্মক অভিযানের তালিকায় রয়েছে পুলিশ স্টেশন উড়িয়ে দেওয়া, সামরিক বহরে বিস্ফোরক হামলা এবং যোগাযোগ পরিকাঠামো ধ্বংস করার মতো ঘটনা। কালাত ও সুরার মতো এলাকায় বড় ধরনের হামলায় ভারী ক্ষয়ক্ষতির দাবি করা হলেও, এই তথ্যগুলির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানি প্রশাসনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বালোচিস্তানের এমন উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।