আইপ্যাক মামলা: সরকার বদলের পর সিবিআই তদন্তে আপত্তি নেই মমতার আইনজীবীর, সুপ্রিম কোর্টে শুনানি ২ সেপ্টেম্বর

আইপ্যাক মামলা: সরকার বদলের পর সিবিআই তদন্তে আপত্তি নেই মমতার আইনজীবীর, সুপ্রিম কোর্টে শুনানি ২ সেপ্টেম্বর

নয়াদিল্লি: রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সুপ্রিম কোর্টে বকেয়া আইপ্যাক মামলায় এক তাৎপর্যপূর্ণ মোড় সামনে এলো। কলকাতা ও সল্টলেকে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (I-PAC) অফিসে তল্লাশি চলাকালীন বাধাদানের অভিযোগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ইডি। গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র, যার তীব্র বিরোধিতা করেছিল তৎকালীন রাজ্য সরকার।

মঙ্গলবার বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং সরকার বদল হওয়ার পর, এখন এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলে তাঁদের কোনো আপত্তি নেই।

তবে মমতার আইনজীবীর এই সওয়ালের তীব্র বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, কেবল সরকার পরিবর্তনের যুক্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলে ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তের অভিযোগ উঠতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছেন, তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুও সিবিআই তদন্তের যৌক্তিকতা পুনর্বিবেচনার আবেদন জানান।

উভয় পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি মিশ্র জানান, সিবিআইয়ের হাতে তদন্ত হস্তান্তরের বিষয়টির পাশাপাশি মামলার মেরিট এবং গ্রহণযোগ্যতা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ শুনানি করা হবে। আগামী ২ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *