রান্নায় ভেজাল মশলা, আপনার প্রিয় দারচিনি তৈরি করছে না তো লিভারের বড় বিপদ

রান্নায় স্বাদ ও সুগন্ধ বাড়াতে রোজকার পাতে দারচিনির ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। তবে বাজারে এখন খাঁটি মশলার বদলে ছড়িয়ে পড়েছে ‘ক্যাসিয়া’ নামের এক ধরণের ভেজাল গাছের ছাল। দেখতে অবিকল আসল দারচিনির মতো হলেও স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। এই নকল দারচিনিতে থাকে অতিরিক্ত পরিমাণে ‘কুমারিন’ নামক উপাদান, যা প্রতিনিয়ত শরীরে প্রবেশ করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। অন্যদিকে আসল দারচিনিতে কুমারিনের মাত্রা সঠিক থাকায় তা স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। তাই না জেনে নকল মশলা খেলে অজান্তেই শরীরে বড় বিপদ ডেকে আনার আশঙ্কা থেকে যায়।
আসল ও নকল দারচিনি চেনা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। আসল দারচিনির ছাল সাধারণত পাতলা ও হালকা হয়, যা হাত দিয়ে সহজেই ভেঙে ফেলা সম্ভব। এর স্বাদ হালকা মিষ্টি ও সুগন্ধ চমৎকার হয়। কিন্তু ক্যাসিয়ার ছাল হয় মোটা, শক্ত ও খসখসে এবং এর গন্ধও বেশ কড়া বা ঝাঁঝালো হয়। বাজার থেকে খোলা বা প্যাকেটজাত গুঁড়ো মশলা কিনলে ভেজাল চেনা সম্ভব হয় না। তাই স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গোটা মশলা কিনে বাড়িতেই গুঁড়ো করে নেওয়া বুদ্ধিমানের কাজ। মশলার গুণমান বজায় রাখতে তা সবসময় এয়ার টাইট কৌটোয় শুকনো জায়গায় রাখা উচিত।