দক্ষিণবঙ্গে কমছে দুর্যোগ, উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে কমছে দুর্যোগ, উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কিছুটা সরে যাওয়ায় দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১৯ আগস্ট থেকে দক্ষিণবঙ্গে একটানা বা ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে বৃষ্টি পুরোপুরি থামছে না। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে, কলকাতায় দিনভর আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এসব এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির তোড়জোড় কমলেও উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত আগামী দিনগুলিতে পরিস্থিতির মোড় ঘোরাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *