আইএসআই নেটওয়ার্কে আবার বড় ধাক্কা: হাবড়ার ভুয়ো পাক এজেন্ট রানার সহযোগী সানি রিষড়া থেকে ধৃত!

আইএসআই নেটওয়ার্কে আবার বড় ধাক্কা: হাবড়ার ভুয়ো পাক এজেন্ট রানার সহযোগী সানি রিষড়া থেকে ধৃত!

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর আন্তর্জাতিক চক্রান্তের তদন্তে নেমে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) পেল বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে ভুয়ো পাক এজেন্ট রানা রউফ ওরফে ওয়াহাব আলমের গ্রেফতারির পর, এবার হুগলির রিষড়া থেকে ধরা পড়ল তার ঘনিষ্ঠ সহযোগী জাফর শাম ওরফে সানি। মূল অভিযুক্ত রানা গ্রেফতার হতেই কলকাতার তপসিয়ার বাসিন্দা সানি রিষড়ায় গিয়ে গা ঢাকা দিয়েছিল। এই মামলায় এ পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

১৫ অগস্টের ঠিক আগে ১২ অগস্ট হাবড়া থেকে গ্রেফতার হওয়া রানা কাঠমান্ডু হয়ে ভারতের ভুয়ো পরিচয়পত্র নিয়ে প্রবেশ করেছিল। ভারতীয় সেনা ও বিএসএফের গতিবিধি, বিশেষ করে ফোর্ট উইলিয়ামের মানচিত্র ও স্পর্শকাতর তথ্য পাক এজেন্সির কাছে পাচারের চেষ্টা করছিল সে। রানাকে কলকাতায় আনা এবং জাল নথিপত্র তৈরিতে সাহায্য করার অভিযোগে আগেই তপসিয়ার ইমরান ও ইজাজ আলিকে পুলিশ হেফাজতে নিয়েছিল। সেই সূত্রের ওপর ভর করেই সানির খোঁজ পায় এসটিএফ।

গ্রেফতারের আগে রানা নিজের মোবাইল ভেঙে প্রমাণ নষ্ট করার চেষ্টা করলেও, তার কাছে মেলে এক রহস্যময় ডায়েরি। সেখানে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার একাধিক সন্দেহজনক নম্বর পাওয়া গেছে। পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে চম্পট দেওয়ার পরিকল্পনাও ছিল রানার, যেখানে তার সহযোগী ‘পাভেল’ অপেক্ষায় ছিল। বর্তমানে এসটিএফ সানিকে জেরা করে এই আন্তর্জাতিক চক্রের শিকড় কতটা গভীরে তা জানার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *