মেয়ো রোড কাড়তে পুলিশের দ্বারে জট, প্রতিষ্ঠা দিবসের লড়াইতে আদালতের দরজায় ঋতব্রতরা!

আসন্ন ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ এখন চরম সীমায়। ঐতিহ্যগতভাবে প্রতি বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠান হলেও, এবার সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে শাসকদলের দুই শিবির—কালীঘাটপন্থী ও ঋতব্রতপন্থীদের মধ্যে প্রকাশ্য লড়াই শুরু হয়েছে।
উভয় শিবিরই মেয়ো রোডে সভা করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে সময়মতো অনুমতি না মেলায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ঋতব্রত শিবির। সভার দিন ঘনিয়ে আসায় জরুরি শুনানির আবেদন জানানো হলেও, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তা খারিজ করে দেন। আদালত জানায়, নির্দিষ্ট নিয়ম মেনেই মামলার শুনানি হবে।
শুধু ঋতব্রতপন্থী নয়, কালীঘাট শিবিরের পক্ষ থেকেও পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে দুই শিবিরের আইনি লড়াই দেখেছিল রাজ্যবাসী। আগামী ২৮ অগস্টের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে সভা করার অনুমতি শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে, এখন সেদিকেই চোখ সবার।