আরজি কর দুর্নীতি কাণ্ড! সুপ্রিম কোর্টে জামিনের আবেদন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের!

আরজি কর মেডিক্যাল কলেজের আলোচিত আর্থিক দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে নতুন করে আবেদন করেছেন তিনি। সিবিআইয়ের তদন্তের মুখে পড়া এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাঁর জামিনের ভবিষ্যৎ নিয়ে ফের তীব্র আইনি তৎপরতা শুরু হয়েছে।
উল্লেখ্য, হাসপাতালের আর্থিক অনিয়ম, টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল। এর আগে হাই কোর্টের রায়ে স্পষ্ট করা হয়েছিল যে, সন্দীপ প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। যদিও অন্যান্য মামলায় তিনি স্বস্তি পেলেও আর্থিক দুর্নীতির এই মামলায় এখনও কারাগারেই থাকতে হচ্ছে তাঁকে। এখন সুপ্রিম কোর্টের আসন্ন শুনানির ওপরই নির্ভর করছে তাঁর পরবর্তী আইনি ভাগ্য।