বর্ষার পর এবার কি কোপ শীতে! ভয় ধরাচ্ছে মহাশক্তিশালী এল নিনো

প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে ওঠা ‘এল নিনো’র প্রভাব শুধু বর্ষার বৃষ্টিতেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর কোপ পড়তে চলেছে আসন্ন শীত পর্বেই। আবহাওয়াবিদদের মতে, চলতি বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এল নিনো চরম রূপ ধারণ করতে পারে, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। ১৯৫০ সালের পর এটি অন্যতম শক্তিশালী এল নিনো হিসেবে চিহ্নিত হতে পারে, যার জেরে ভারতের বর্ষার পাশাপাশি শীতের মেজাজও পুরোপুরি বদলে যাওয়ার পূর্বাভাস মিলেছে।
এই প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব এবং কনকনে ঠান্ডার দিনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে এল নিনোর নিবিড় যোগসূত্রের কারণে শীতকালীন আবহাওয়া মারাত্মকভাবে প্রভাবিত হবে। ইতিমধ্যে দেশে স্বাভাবিকের চেয়ে তেরো শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় খরা ও কৃষি ক্ষতি নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে, আবহাওয়ার এই চরম রূপ ভারতের কৃষি খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।