‘স্যর, জলের বোতলে প্রস্রাব মেশানো!’ দুই ছাত্রীর অভিযোগে স্কুলে তোলপাড়, শিক্ষকের মন্তব্য ঘিরে বিক্ষোভ

‘স্যর, জলের বোতলে প্রস্রাব মেশানো!’ দুই ছাত্রীর অভিযোগে স্কুলে তোলপাড়, শিক্ষকের মন্তব্য ঘিরে বিক্ষোভ

মধ্যপ্রদেশের গুনা জেলার একটি সরকারি স্কুলে জলের বোতলে প্রস্রাব মেশানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী তৃষ্ণা মেটাতে গিয়ে বোতলে দুর্গন্ধ পেয়ে তা বুঝতে পারে। বিষয়টি সাথে সাথেই স্কুলের প্রধান শিক্ষককে জানানো হলে তিনি অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে অদ্ভুত পরামর্শ দেন। দুই ছাত্রীকে বলা হয়, মুখের স্বাদ বদলাতে তারা যেন ১০ টাকার চকোলেট কিনে খেয়ে নেয়। প্রধান শিক্ষকের এমন চরম অসংবেদনশীল মনোভাবের কথা ছাত্রীরা বাড়িতে জানাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

পরদিন সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলে চড়াও হয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগান তুলে প্রাঙ্গণ উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি জটিল রূপ নিলে জেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। জেলাশাসকের তরফে অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন তার জবাব চাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্র এই কান্ড ঘটিয়েছে। অভিযুক্ত ছাত্র ও তার অভিভাবকদের ইতিমধ্যেই স্কুলে তলব করা হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে সমগ্র জেলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *