৪২ ইঞ্চির ভুঁড়ি না থাকলে ছোঁয়া যাবে না ফুটবল, ব্যারাকপুরে শুরু হতে চলেছে অবাক করা ‘গণপতি ম্যাচ’

৪২ ইঞ্চির ভুঁড়ি না থাকলে ছোঁয়া যাবে না ফুটবল, ব্যারাকপুরে শুরু হতে চলেছে অবাক করা ‘গণপতি ম্যাচ’

ফুটবল মাঠে নামতে গেলে সাধারণত শারীরিক সক্ষমতা ও ফিটনেস প্রথম শর্ত হলেও, নব ব্যারাকপুরে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানকার লেনিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে আগামী ২৩ আগস্ট আয়োজিত হতে চলেছে এক বিশেষ ‘গণপতি ফুটবল’ প্রতিযোগিতা। দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে ফের ফিরতে চলেছে ১৯৯৮ সালে শুরু হওয়া এই ঐতিহ্য। এই অভিনব ম্যাচে অংশ নেওয়ার প্রধান শর্তই হল খেলোয়াড়দের বয়স হতে হবে অন্তত ৪০ বছর এবং ভুঁড়ির পরিধি হতে হবে কমপক্ষে ৪২ ইঞ্চি। প্রতিটি দলে থাকবেন ১১ জন করে ‘গণপতি’ এবং মাঠে নামার আগে রীতিমতো ফিতে দিয়ে মাপা হবে তাঁদের ভুঁড়ি। সূচনায় থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রাও, যার জন্য এখন মাঠে চলছে জোরকদমে অনুশীলন।

মূলত বিনোদনের উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হলেও, এর নেপথ্যে রয়েছে এক মহৎ সামাজিক ভাবনা। উদ্যোক্তাদের মতে, বর্তমানে মোবাইল ফোনে আসক্তি এবং বয়স বাড়ার সাথে সাথে শরীরে অতিরিক্ত মেদ জমায় তৈরি হওয়া শারীরিক সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করতেই তাঁদের এই পদক্ষপ। এই উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীকে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার প্রতি উৎসাহিত করার বার্তাই দিতে চান আয়োজকরা। সব মিলিয়ে, আগামী ২৩ আগস্টের এই আকর্ষণীয় প্রতিযোগিতা ঘিরে লেনিনগড় সুভাষ সংঘের মাঠে বিপুল দর্শক সমাগমের আশা প্রকাশ করেছেন উদ্যোক্তা ও খেলোয়াড়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *