প্রোমোশনের নতুন নিয়মে চরম ধোঁয়াশা! পদোন্নতি আটকে যাওয়ার আশঙ্কায় উচ্চশিক্ষামন্ত্রীকে চিঠি ‘জুটা’র

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি বা ‘প্রোমোশন’ সংক্রান্ত রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকা ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, পদোন্নতির এই নতুন নিয়মাবলি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আর এই নির্দেশিকাকে কেন্দ্র করেই তীব্র দুশ্চিন্তা দেখা দিয়েছে যাদবপুরের বামপন্থী শিক্ষক সংগঠন ‘জাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন’ (JUTA)-এর মধ্যে। সমস্যার সমাধান চেয়ে ইতিমধ্যেই তাঁরা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন।
‘জুটা’-র বক্তব্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৪ জুলাইয়ের মধ্যে বহু শিক্ষকের পদোন্নতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কিংবা সেই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন পেছনের তারিখ (Retrospective Order) থেকে নতুন নিয়ম চালু করায় ওই শিক্ষকদের পদোন্নতির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষক পদোন্নতি প্রক্রিয়ায় পুরানো না কি নতুন নিয়ম প্রযোজ্য হবে—সে বিষয়েও শিক্ষকদের বেছে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি।
এ ছাড়া নতুন নির্দেশিকায় পদোন্নতির যোগ্যতামানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য আগে একটি কোর্স করার বাধ্যবাধকতা থাকলেও এখন তা বাড়িয়ে দুটি করা হয়েছে, কিন্তু তার জন্য অতিরিক্ত কোনো সময় দেওয়া হয়নি। এই বিষয়ে আলোচনার জন্য ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির (Executive Council) বৈঠক ডাকা হলেও পরে তা স্থগিত করা হয়। জুটার সভাপতি পার্থপ্রতিম রায় জানান, কর্মসমিতির বৈঠক বাতিল হওয়ায় উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির সুরাহা না হলে এবং দাবিপূরণ না হলে আগামী দিনে কঠিন সিদ্ধান্ত ও গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।