ডায়মন্ড হারবারে সৌন্দর্যায়ন প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয়! অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি ববির!

ডায়মন্ড হারবারে গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে নতুন আইনি বিপাকে পড়েছেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাগ রিপোর্টের ভিত্তিতে বুধবার ডায়মন্ড হারবার থানা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, ২০১৭ সালে সাংসদের নির্দেশেই এই প্রকল্প শুরু হয়েছিল, যেখানে হুগলি নদীর পাড় বাঁধানোর কাজ সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছিল। এর ফলে প্রকল্পের কাজ চলাকালীনই প্রায় ২৫০ মিটার নদীবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং পরবর্তীতে তা মেরামতের জন্য রাজ্য সরকারকে অতিরিক্ত ১৬ কোটি টাকা খরচ করতে হয়।
বিজেপি নেতার আরও অভিযোগ, রাজ্য পর্যটন দপ্তরের তরফে পূর্ত দপ্তরকে প্রায় ৭ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও যথাযথ পরিকল্পনার অভাবে পুরো কাজটি ভেস্তে যায় এবং ২০২৩ সালের মার্চ মাসে প্রকল্পটি পুরোপুরি বাতিল করা হয়। এদিকে বকেয়া টাকা না মেলায় একটি বেসরকারি সংস্থা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এই আর্থিক নয়ছয়ের নেপথ্যে কোন কোন আধিকারিক ও সাংসদ জড়িত ছিলেন, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়ে এবং উপযুক্ত আইনি পদক্ষেপের আর্জি জানিয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করার জোরালো দাবি তুলেছেন বিজেপি নেতা।