বিখ্যাত দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০! তাহেরপুরে আতঙ্ক

নদিয়ার তাহেরপুরের একটি খ্যাতনামা বিরিয়ানির দোকান থেকে খাবার খেয়ে শিশু ও বৃদ্ধসহ ত্রিশ জনেরও বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে অভিযোগ, ওই দোকান থেকে বাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছিল। এমনকি, অত্যন্ত কম মূল্যে মাটন বিরিয়ানি বিক্রির নেপথ্যে কোনো ক্ষতিকর বা নেশাজাতীয় পদার্থ মেশানো থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি এতটাই গুরুতর যে হাসপাতালের বেডেও জায়গা পাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ফুড ডিপার্টমেন্ট ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অসুস্থ গ্রাহকরা। প্রয়োজনে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর এবং সত্যতা প্রমাণিত হলে দোকানটি সিল করার কঠোর দাবি তোলা হয়েছে। তবে অভিযুক্ত ‘ড্রিমল্যান্ড’ নামক ওই বিরিয়ানি দোকানের কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।