নিট নিয়ে আর প্রশ্নফাঁস নয়? NTA-কে ঘিরে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, জানুন কী বদলাচ্ছে

নিট নিয়ে আর প্রশ্নফাঁস নয়? NTA-কে ঘিরে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, জানুন কী বদলাচ্ছে

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সুপ্রিম কোর্টে নিজেদের তৈরি করা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা জানাল কেন্দ্র সরকার। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ছাপাখানায় সিআইএসএফ নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং জিপিএস ট্র্যাকিংযুক্ত গাড়িতে প্রশ্নপত্র পরিবহনের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কেবল মৌখিক বা কাগজের দাবিতে সন্তুষ্ট না হয়ে বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলক আরাধের বেঞ্চ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) স্থায়ী ও শক্তপোক্ত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত স্পষ্ট জানিয়েছে, প্রতিটি পরীক্ষায় নিরাপত্তা বজায় রাখতে স্থায়ী সরকারি পরীক্ষাকেন্দ্র তৈরি, সাইবার সুরক্ষা জোরদার এবং বিশেষজ্ঞদের নিয়ে পর্যবেক্ষণ কমিটি গঠন করা জরুরি। পাশাপাশি প্রাক্তন ইসরো প্রধান ডঃ কে রাধাকৃষ্ণন কমিটি ও নন্দন নিলেকানি টাস্ক ফোর্সের সুপারিশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রশ্নফাঁস কেন্দ্রিক ছাত্র ক্ষোভের চাপে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও দেশজুড়ে ব্যাপক আন্দোলনের পরই সর্বোচ্চ আদালতের এই পরিকাঠামোগত সংস্কারের ওপর জোর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *