সেপ্টেম্বরে পিঙ্ক কার্ড না দেখালে বন্ধ ফ্রি বাসযাত্রা, কীভাবে করবেন আবেদন?

গত ১ অগাস্ট থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘পিঙ্ক কার্ড’ পরিষেবা, যার মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। তবে সবার কাছে এখনও এই কার্ড না পৌঁছানোয় আপাতত পরিচয়পত্র দেখিয়ে ‘জিরো ভ্যালু টিকিট’ নিয়ে সফরের ছাড় দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাস শুরু হতে চলায় দ্রুত কার্ড করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সীমিত আয়ের পরিবার, ছাত্রী এবং কর্মজীবী মহিলাদের এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ডব্লুবিটিসি, এসবিএসটিসি ও এনবিএসটিসির দূরপাল্লার এসি ও নন-এসি সহ সমস্ত বাসে এই কার্ড দেখালে সম্পূর্ণ বিনামূল্যে সফর করা যাবে।
পিঙ্ক কার্ডের জন্য অনলাইনে wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নাম ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে আধার, ভোটার কার্ড ও ছবি আপলোড করে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিডিও অফিসে এবং পুরসভা এলাকার অধিবাসীদের সংশ্লিষ্ট পুরসভা কার্যালয়ে গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। শুধুমাত্র রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলারাই এই পরিষেবার সুবিধা পাবেন। উচ্চ আয়ের পরিবারের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। তথ্য যাচাইয়ের পর পরিবহন দফতর আবেদন অনুমোদন করলে পিঙ্ক কার্ড ইস্যু করা হবে।