যেমন কর্ম তেমন ফল: ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ব্যারিকেড সরাতেই দিল্লিতে পাক হাইকমিশনে চলল বুলডোজার!

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যারিকেড বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত সরকার। সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে থেকে পাকিস্তানি কর্তৃপক্ষ নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়ার মাত্র তিন দিন পরেই নয়াদিল্লি এই পাল্টা কড়া পদক্ষেপ গ্রহণ করল। দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর জবাবে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধ্যুষিত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে। পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষিত হলেও কূটনৈতিক সম্পর্কের কোনো উন্নতি হয়নি।
এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক শ্রীনগর সফর পাকিস্তানের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। সফরকালে শ্রীনগরকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত অংশ হিসেবে উল্লেখ করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন তিনি।
মার্কিন দূতের এই বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ ডিঅ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রশাসন কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থানকে সমর্থন করায় ক্ষুব্ধ পাকিস্তান। এই দ্বিমুখী কূটনৈতিক উত্তেজনার আবহেই পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী ও ট্র্যাফিক ব্যারিকেড বুলডোজার দিয়ে উচ্ছেদ করে পাল্টা বার্তা দিল ভারত।