নিরাপত্তায় বড় পদক্ষেপ: ১,০০০-এর বেশি নতুন পদে তৈরি হচ্ছে নিজস্ব ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’!

রাজ্যে অপরাধের ধরণ বদলে যাওয়া এবং একের পর এক জঙ্গি যোগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সুদৃঢ় করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের ধাঁচে পশ্চিমবঙ্গেও তৈরি হতে চলেছে পৃথক ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ (ATS) এবং ‘অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স’ (ANTF)। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিশেষ দুই বাহিনী গঠনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
রাজ্য পুলিশ ডিজির অধীনে কাজ করতে চলা এই বিশেষ কাঠামোর জন্য ১,০৫৭টিসহ মোট ১,২১৮টি নতুন পদ অনুমোদন করেছে মন্ত্রিসভা। মাদক পাচার ঠেকাতে দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদীয়ায় ৪টি নতুন ANTF থানা তৈরি হবে, যার অধীনে থাকবে ৫৯১টি পদ। অন্যদিকে জঙ্গি দমনে ATS-এর জন্য ৪৬১টি স্থায়ী ও ৫টি চুক্তিভিত্তিক পদ নির্ধারণ করা হয়েছে। বর্ধমানসহ বিভিন্ন জেলায় সাম্প্রতিক জঙ্গি গ্রেপ্তারের পর রাজ্যের নিরাপত্তা বলয়কে আরও শক্ত করতেই এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
এক নজরে নতুন পদ বণ্টন:
- ANTF: ৫৯১টি পদ
- ATS: ৪৬৬টি পদ (৪৬১টি স্থায়ী, ৫টি সফটওয়্যার ডেভেলপার)
- অন্যান্য দপ্তর ও ফাঁড়ি (নারী নির্যাতন কমিশন, আইসিজি ইত্যাদি): ১৬১টি পদ