এক গ্লাস স্মুদির দাম ২০০০ টাকা! কী এমন উপাদান মেশালেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি?

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি ফের এক নতুন কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। এবার নিজের নামে নীল রঙের এক বিশেষ স্মুদি বাজারে এনে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি, যার এক গ্লাসের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২০০০ টাকা। তবে এটি কোনো সাধারণ স্মুদি নয়; সম্পূর্ণ রাসায়নিকমুক্ত অর্গ্যানিক ফল, ভিটামিন ও অত্যন্ত দামি সাপ্লিমেন্ট দিয়ে এটি তৈরি করা হয়েছে। ‘ব্লুবেরি স্যারন স্মুদি’ নামের এই পানীয়টি অভিনেত্রীর নিজস্ব অন্তর্বাসের ব্র্যান্ডের সৌজন্যে বাজারজাত করা হয়েছে, যা এক গ্লাস খেলেই শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।
এই বহুমূল্যের স্মুদিতে রয়েছে টাটকা ব্লুবেরি, ব্ল্যাকবেরি, অ্যারোনিয়া বেরি, অর্গ্যানিক আমন্ড মিল্ক ও কলার নির্যাস। তা ছাড়া চুল ভালো রাখার বিশেষ বিউটি ভিটামিন, ভ্যানিলা প্রোটিন, অর্গ্যানিক এ২ প্রোটিনের পাশাপাশি টপিং হিসেবে ড্রাগন ফ্রুট, ফ্রেশ ক্রিম ও ভেগান কোকোনাট বেকন ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ জৈবপ্রযুক্তিতে উৎপাদিত উপাদান ও নামী ব্র্যান্ডের সাপ্লিমেন্ট ব্যবহারের কারণেই এর দাম এত বেশি রাখা হয়েছে। অভিনেত্রী সিডনি সুইনি জানিয়েছেন, স্বাস্থ্যের উপকারিতার পাশাপাশি এই স্মুদি বিক্রির লভ্যাংশের একটি বড় অংশ স্তন ও জরায়ুর ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।