ম্যাসাঞ্জোরের রিসর্টে ‘গোপন বৈঠক’! কাজল শেখের ইস্তফার পেছনে কি বীরভূমে নতুন রাজনৈতিক সমীকরণ?

মহারাষ্ট্র ও গোয়ার ‘রিসর্ট রাজনীতি’র ছায়া এবার বীরভূমের জেলা রাজনীতিতে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের আচমকা পদত্যাগের পেছনে ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোরের এক রিসর্টে অনুষ্ঠিত ‘গোপন বৈঠক’কে দায়ী করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনাস্থা প্রস্তাবের তলবি সভার ঠিক আগেই কাজল শেখের ইস্তফা জেলা রাজনীতিকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। জানা গেছে, খয়রাশোলের জেলা পরিষদ সদস্য নবগোপাল বাউড়ির নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে কাজল-বিরোধী ১৮ জন তৃণমূল সদস্যের পাশাপাশি একাধিক বিজেপি নেতার উপস্থিতির খবরও প্রকাশ্যে এসেছে।
এই বৈঠকের পরই জেলা পরিষদের ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণ ও নতুন সভাধিপতির নাম নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা নবগোপাল বাউড়ি দাবি করেছেন, ৫০ জন তৃণমূল সদস্যের মধ্যে ৪৭ জনই তাঁদের পক্ষে আছেন। বিজেপির সঙ্গে বৈঠকের বিষয়টি স্পষ্ট না করলেও, “রাজ্যে বিজেপির সরকার যাদের সভাধিপতি হিসেবে চাইবে, তাঁদেরই সমর্থন করা হবে”—তাঁর এমন মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনুব্রত ও কাজল উভয় গোষ্ঠীকে দূরে রেখে কোনো নতুন রাজনৈতিক চাল চালছে কি দলছুট গোষ্ঠী? এখন সেদিকেই নজর পুরো জেলার।