বিয়ের খাবারের থালায় মেলেনি আস্ত খাসি, আসর ছেড়ে অন্য কনেকে বিয়ে করলেন বর

বিয়ের আসরে পাতের খাবারে কথা মতো মেলেনি আস্ত খাসি। আর সেই রাগে বিয়ের আসর ছেড়েই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন জাপানপ্রবাসী যুবক। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তোলাতালা গ্রামে। কসবার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা জুনায়েদ মিয়ার সঙ্গে আখাউড়ার রাশেদা আক্তারের শুভ পরিণয় সম্পন্ন হওয়ার কথা ছিল। বরযাত্রীদের খাওয়া-দাওয়া শেষে বরের বিশেষ থালায় প্রতিশ্রুতি অনুযায়ী আস্ত খাসির মাংস না থাকায় শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। কনেপক্ষ পরিস্থিতি সামাল দিতে বিয়ের পর তা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন বর জুনায়েদ।
অশান্তির জের ধরে কনেপক্ষ থেকে বিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে উপহারসহ বরযাত্রীকে বিদায় নিতে বলা হয়। এর পর পরই সবাইকে চমকে দিয়ে ওই দিনই অন্য এক তরুণীকে বিয়ে করেন বর। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তোলপাড় শুরু হয়। তবে বর জুনায়েদের দাবি, মেনু নিয়ে বিতর্ক নয়, বরং কনেপক্ষ তাঁর কাছ থেকে প্রতিশ্রুতির চেয়ে ১০ গুণ বেশি টাকা দাবি করার কারণেই এই বিয়ে ভেঙে যায়। পুরো ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মাঝে মারাত্মক চাঞ্চল্য সৃষ্টি করেছে।