৩০ সেকেন্ডের নেশাতেই মারাত্মক বিপদ! ফোনের পর্দায় অজান্তেই স্বাস্থ্যের কী ক্ষতি করছেন জানেন?

ফোনের পর্দায় একের পর এক শর্ট ভিডিও বা রিলস স্ক্রল করার অভ্যাসে মারাত্মক ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের। সম্প্রতি নিউরোসায়েন্সের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসকরা বলছেন, টানা শর্ট ভিডিও দেখলে মস্তিষ্কে ডোপামিন হরমোনের অতিরিক্ত ক্ষরণ ঘটে। এর ফলে একসময় মস্তিষ্ক কেবল সংক্ষিপ্ত আনন্দের উপাদানে অভ্যস্ত হয়ে পড়ে। ফলস্বরূপ বই পড়া, কাজ করা বা কারও সঙ্গে কথা বলার মতো দৈনন্দিন কাজে মনোযোগ হারিয়ে যায়। চিকিৎস বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের এই বিশেষ নিষ্ক্রিয় অবস্থাকে বলা হচ্ছে ‘ব্রেইন রট’।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিলস দেখার ফলে দ্রুত মনোযোগ ক্ষুণ্ণ হচ্ছে এবং কমছে স্মৃতিশক্তিও। এছাড়া অন্যের জীবনযাত্রার সঙ্গে তুলনা করার কারণে মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা ও ঘুমের সমস্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে কিছু সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। যেমন, অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা এবং মানসিক অবসরের জন্য রিলসের বদলে বই পড়া, হাঁটাচলা বা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মতো বাস্তব জীবনের অভ্যাসে ফিরে আসা। প্রযুক্তিকে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করাই সুস্থ মস্তিষ্কের মূল চাবিকাঠি।