প্রেমিকার এক চুমুতেই করুণ পরিণতি! লাভ বাইটের কারণে কীভাবে প্রাণ গেল ১৭ বছরের কিশোরের?

প্রেমিকার অতি ভালোবাসার প্রকাশই যে তরুণের জীবনের শেষ পরিণতি ডেকে আনবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। ২০১৬ সালে মেক্সিকোর ১৭ বছর বয়সী কিশোর জুলিও ম্যাসিয়াস গঞ্জালেজের সাথে ঘটে এক মর্মান্তিক ও বিরল ঘটনা। সারাদিন প্রেমিকার সাথে ঘনিষ্ঠ সময় কাটানোর পর রাতে বাড়ি ফিরে নৈশভোজের সময় হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে জুলিও। সে জ্ঞান হারিয়ে ফেললে তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। পরবর্তীতে জানা যায়, প্রেমিকার দেওয়া তীব্র অনুভূতির ‘লাভ বাইট’-ই ছিল তার এই মর্মান্তিক মৃত্যুর মূল কারণ।
চিকিৎসকদের মতে, গলার স্পর্শকাতর স্থানে গভীর চুমু বা লাভ বাইটের ফলে জুলিওর গলার ভেতরের প্রধান রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বাঁধা সেই পিণ্ডটি পরবর্তীতে তার মস্তিষ্কে প্রবাহিত হয়ে মারাত্মক স্ট্রোক ঘটায়, যার ফলে তার মৃত্যু হয়। চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, গলা বা ঘাড়ের আশপাশে একাধিক গুরুত্বপূর্ণ ধমনী থাকে। অতিরিক্ত চাপের কারণে এসব স্থানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকে, যা মস্তিষ্কে অক্সিজেন ও রক্ত প্রবাহ বন্ধ করে স্ট্রোকের মতো প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে।