বাঙালির মেধা কি রাজ্যে বিপন্ন? সেন্ট্রাল পার্কের মঞ্চ থেকে বিস্ফোরক শমীক ভট্টাচার্য!

সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য রাজনীতির বর্তমান ধারা এবং পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের ‘ব্রেন ড্রেন’ বা মেধা পাচার নিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, সংকীর্ণ রাজনীতি ও জীবনের সর্বক্ষেত্রে রাজনীতির অতিরিক্ত অনুপ্রবেশের কারণেই আজ বাঙালি মেধার চরম অবমূল্যায়ন ঘটছে। একসময় যে অবিভক্ত বাংলা সমগ্র দেশকে পথ দেখাত, রাজনীতির বলয়ে বন্দি হয়ে সেই পশ্চিমবঙ্গ আজ একটি প্রান্তিক রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের বাইরে ও সিলিকন ভ্যালি থেকে শুরু করে নাসা কিংবা ইসরোর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাঙালিরা নিজেদের দক্ষতার পরিচয় দিলেও, নিজ রাজ্যে তাঁদের যুক্ত থাকার সুযোগ কমছে।
গণতান্ত্রিক ব্যবস্থার সঠিক পরিচালনার ওপর জোর দিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান, দলমত নির্বিশেষে সরকারকে প্রকৃতপক্ষে ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকার’ হিসেবে কাজ করতে হবে। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, সুস্থ গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত হলো বিরোধিতার অধিকার রক্ষা করা। এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে কোনো গণতান্ত্রিক কাঠামোগত ব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। মূলত প্রবাসে বাঙালির সাফল্য, জাতীয়তাবাদী চেতনা এবং রাজ্যে মেধার সঠিক মূল্যায়নের তাগিদই উঠে এসেছে তাঁর এই বক্তব্যে।