গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ, কৃষ্ণনগর আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মহুয়া মৈত্র
August 21, 20268:03 am

বিদ্বেষপূর্ণ মন্তব্য সংক্রান্ত একটি মামলায় কৃষ্ণনগর বিচারবিভাগীয় আদালত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বার বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে সশরীরে হাজির না হওয়ার কারণে বিচারক এই নির্দেশ দেন। আগামী ২৮ অগাস্টের মধ্যে এই পরোয়ানা কার্যকরের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, সংসদ অধিবেশন চলায় এবং স্থানীয় বার অ্যাসোসিয়েশনের ‘বয়কট’ আন্দোলনের কারণে আগের তারিখগুলোতে হাজির হওয়া সম্ভব হয়নি। এছাড়া, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ২২৮ ধারার অধীনে তাঁর করা সশরীরে হাজিরা থেকে অব্যাহতির আবেদনের নিষ্পত্তি না করেই আদালত তড়িঘড়ি এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে তিনি অভিযোগ করেছেন।