বুলডোজার-বিতর্কে নয়া মোড়! আমতলায় অভিষেকের অফিস ভাঙা নিয়ে কলকাতা হাই কোর্টের বড় নির্দেশ

আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা কার্যালয় ভাঙার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই কার্যালয়ের কোনো অংশ ভাঙা যাবে না। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। শুনানিপর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতের কাছে প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়ে নেওয়ার পরেই বিচারক এই স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে গত ১৮ জুলাই আচমকাই অভিষেকের ওই কার্যালয়ের একাংশে বুলডোজার চালানো হয়। আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ থাকলেও, সম্পূর্ণ বেআইনিভাবে ৫০৭ নম্বর দাগের জমিতে থাকা তাঁর মক্কেলের কার্যালয়টি ভাঙা হয়েছে। ভুল জায়গায় অভিযান চালানোর জন্য তিনি উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি তোলেন। যথাযথ নোটিস ও আইনি পদক্ষেপের সুযোগ না দিয়েই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ ওঠার পর, রবিবার ছুটির দিনে বিশেষ এজলাস বসিয়ে ভাঙার কাজে প্রথম স্থগিতাদেশ জারি করেছিল আদালত।