আলাস্কায় ল্যান্ডিংয়ের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৮ আরোহীকে নিয়ে বিধ্বস্ত চপার!

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ৬ জন যাত্রী এবং ২ জন পাইলটসহ মোট ৮ জন আরোহীকে নিয়ে একটি চার্টার বিমান ল্যান্ডিং করার সময় দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।
বিমানটি আলাস্কার অ্যানক্যাওরেজ শহর থেকে যাত্রা শুরু করে কেপ নিউেনহ্যাম এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী কেপ নিউেনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে পৌঁছানোর পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
ঘটনার পরপরই ‘আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার’ দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধারকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিমানে থাকা ৮ জন আরোহীর বর্তমান শারীরিক অবস্থা বা হতাহতের সঠিক তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
আলাস্কার ওই দুর্গম অঞ্চলে সড়ক যোগাযোগ না থাকায় চার্টার বিমানই যাতায়াত ও রসদ সরবরাহের প্রধান মাধ্যম। দুর্ঘটনাটি কোনো কারিগরি ত্রুটির কারণে নাকি খারাপ আবহাওয়ার জন্য ঘটেছে, তা খতিয়ে দেখতে এনটিএসবি এবং আলাস্কা স্টেট ট্রুপারস তদন্ত শুরু করেছে।