‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিটে কম নম্বর পেয়ে আত্মহত্যা তরুণ পরীক্ষার্থীর

‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিটে কম নম্বর পেয়ে আত্মহত্যা তরুণ পরীক্ষার্থীর

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এ প্রত্যাশা অনুযায়ী নম্বর না পাওয়ায় চরম সিদ্ধান্ত নিল এক ১৯ বছরের তরুণ। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের বাসিন্দা সুরজ সুভাষ শিন্ডে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত্যুর আগে বাবা-মায়ের উদ্দেশে লেখা তাঁর দুই লাইনের একটি চিরকুট উদ্ধার হয়েছে। সেখানে তিনি লিখেছেন, “ক্ষমা করে দিও আই (মা) ও আপ্পা (বাবা)। পরের জন্মে ঠিক তোমাদের ডাক্তার হয়ে দেখাব। নিজেদের খেয়াল রেখো।”

পুলিশ সূত্রে জানা গেছে, সুরজ বাড়ি থেকেই নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ফল প্রকাশের পর কম নম্বর আসায় তিনি বেশ কিছুদিন ধরে গভীর মানসিক হতাশায় ভুগছিলেন। গত বুধবার পরিবারের সদস্যরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গেলে বাড়িতে একাই ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন বাড়ি ফিরে তাঁর ফোন বন্ধ পেয়ে খোঁজ শুরু করেন। পরে তাঁর ছোট বোন দোতলার ঘরে সুরজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বৈজাপুর থানা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নিটের তীব্র মানসিক চাপই এই ঘটনার মূল কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার এই ভয়ঙ্কর চাপ যেভাবে একের পর এক তাজা প্রাণ কেড়ে নিচ্ছে, তা আবারও বড়সর প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বর্তমান শিক্ষাব্যবস্থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *