শচীন নাকি কোহলি? বিদেশের মাটিতে সেরা কে? মুখ খুললেন খোদ এবি ডি ভিলিয়ার্স

উপমহাদেশের ব্যাটারদের জন্য বিদেশের মাটিতে সফল হওয়ার পথ তৈরি করেছিলেন শচীন তেণ্ডুলকর। বাউন্সি ও সিমিং কন্ডিশনে শচীনের সাফল্যই ছিল অনুপ্রেরণা। তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের মতে, বিরাট কোহলি সেই সাফল্যের মানদণ্ডকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স স্পষ্ট জানান, শচীন ধারাটি শুরু করলেও বিরাটের আক্রমণাত্মক মানসিকতা ও শক্তি ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী ও প্রতিষ্ঠিত করে তুলেছে।
ডি ভিলিয়ার্সের মতে, এই দুই কিংবদন্তির পথ অনুসরণ করেই কেএল রাহুল ও দেবদত্ত পাড়িকলের মতো তরুণ ব্যাটাররা এখন লড়াই করছেন। তবে রাহুলের টেকনিকের ভূয়সী প্রশংসা করেও এবি সতর্ক করেছেন যে, শুধু শতরানে থেমে থাকলে চলবে না। রাহুলের উচিত বড় ইনিংসকে আরও দীর্ঘায়িত করা। সব মিলিয়ে, প্রাক্তন প্রোটিয়া তারকার বিশ্লেষণ বলছে, শচীন ভারতীয় ক্রিকেটে বিদেশের মাটিতে লড়াই করার ভিত গেঁথেছিলেন, আর কোহলি সেই পথকে প্রশস্ত করে বিদেশজয়ের মানসিকতাকে আরও ধারালো ও শক্তিশালী করেছেন।