ভাগীরথী ও হাজারদুয়ারি এক্সপ্রেসের যাত্রীদের জন্য শিয়ালদহ ডিভিশনে বিশাল স্বস্তি

ভারতীয় রেল শিয়ালদহ–বহরমপুর ডিভিশনে যাত্রীদের ভোগান্তি দূর করতে এক বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতদিন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম থাকায় শিয়ালদহ-লালগোলা ভাগীরথী এক্সপ্রেস এবং কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেসের ট্রেন দুটিকে ভগবানগোলা স্টেশনে একই প্ল্যাটফর্মে দুবার দাঁড় করাতে হত, যা যাত্রীদের বিভ্রান্তির কারণ হয়ে উঠত। তবে এবার ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার পাশাপাশি তার দৈর্ঘ্য ৩৫০ মিটার থেকে বাড়িয়ে ৩৮৫ মিটার করা হয়েছে। প্ল্যাটফর্মের শেড বসানোর কাজও শেষের পথে। এছাড়া প্রতিদিনের ভিড় সামলাতে তৈরি হচ্ছে নতুন বুকিং কাউন্টার, যার মধ্যে ৩টি সাধারণ ও ১টি বিশেষ কাউন্টার থাকবে। সেই সঙ্গে একটি আধুনিক শৌচালয় তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।
শুধু ভগবানগোলা নয়, গোটা ডিভিশনজুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজে গতি আনা হয়েছে। বেলডাঙা স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে নতুন শেড ও বসার বেঞ্চ তৈরির পাশাপাশি ফার্স্ট ক্লাস ওয়েটিং হল সংস্কার করা হচ্ছে। এই বিষয়ে শিয়ালদহের ডিআরএম রাজীব স্যাক্সেনা জানান, স্টেশন আধুনিকীকরণ, ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। পরিকাঠামোগত এই সমস্ত উন্নতির ফলে হাজার হাজার নিত্যযাত্রীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে ট্রেন সফর অনেকটাই আরামদায়ক ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।