হোয়াটসঅ্যাপে ঘুরছে প্রশ্নপত্র, মিল ৭০%! পরীক্ষা শেষ হতেই বড় পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

ছত্তীসগঢ়ের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন ৩৪টি কলেজে বিএসসি এগ্রিকালচার দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমেস্টারের এনটমোলজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ জন পড়ুয়া এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। চাঞ্চল্যকর বিষয় হলো, সেই ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের প্রায় ৭০ শতাংশ হুবহু মিলে যায়। এর পরই ছাত্র মহলে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড় ওঠে।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে একটি পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নির্দিষ্ট সেমেস্টার পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়। প্রশ্নফাঁস বা গোপনীয়তা ভঙ্গের বিষয়টি সত্যি কি না, তা খতিয়ে দেখতে পুলিশের সাইবার সেল ও স্থানীয় থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নতুন সূচিতে এই পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে।