যাদবপুর কাণ্ডে অধরা উপাচার্য-রেজিস্ট্রার! মধ্যরাতে বহিরাগত তাণ্ডবে কার গাফিলতিতে জ্বলল ক্যাম্পাস?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতের তাণ্ডব ও সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। চরম গোলমালের সময় ১০০ ডায়াল করে পুলিশি সাহায্য চাওয়া হলেও উপাচার্য বা রেজিস্ট্রার কাউকেই ফোনে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা ত্রুটি এবং কর্তৃপক্ষের উদাসীনতার প্রশ্ন তুলে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।
উত্তপ্ত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে বামপন্থী ছাত্র সংগঠনগুলি উপাচার্যের দেখা না পেয়ে সহ-উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অন্য দিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে বহিরাগতদের চিহ্নিত করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে।