সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে ফের জেলে ইমরান খান! নেপথ্যে আসল কারণ কী?

পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার ভোরে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানো হলেও, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ফিরিয়ে দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সি এই পিটিআই প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। গত জানুয়ারি মাসে তাঁর চোখের রেটিনায় সমস্যা এবং শ্বাসজনিত জটিলতা ধরা পড়ার পর থেকেই সুচিকিৎসার দাবি উঠেছিল। আন্তর্জাতিক স্তরেও একাধিক প্রবীণ ক্রিকেটার তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন। শেষ পর্যন্ত পরিবারের আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত তাঁকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়।
তবে আদালতের সেই নির্দেশ অমান্য করে নাটকীয়ভাবে ইমরানকে ফের জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের সাফাই দিয়ে জানিয়েছেন, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করায় এই পদক্ষেপ করা হয়েছে। অথচ নির্ধারিত সময়সীমার আগেই তাঁকে হাসপাতালে ফিরিয়ে দেওয়ার ঘটনায় বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ জোরালো হচ্ছে। আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসায় এই অনীহা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে।